ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের জন্য সরাসরি ভারতকে দায়ী করে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, ওই দেশের গোয়েন্দা সদরদপ্তর থেকে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে।
রোববার বিকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় মাওলানা মতিউর রহমান নিজামী এ অভিযোগ করেন।
ভারতের আনন্দবাজার, ডেইলি টেলিগ্রাফ ও টাইমস অব ইন্ডিয়ার নাম ধরে মাওলানা নিজামী বলেন, "বিডিআর হত্যাকান্ডের খবর দেশীয় চ্যানেলে প্রচারের আগে সেদেশের (ভারত) গোয়েন্দাদের বরাত দিয়ে আগেই প্রচার করেছে। এটা কীভাবে সম্ভব হল? "
তিনি বলেন, "ওই দেশের গোয়েন্দা সদর দপ্তর থেকে এই কিলিং মিশন পরিচালিত হয়েছে। সেখান থেকে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে এই ম্যাসাকার চালানো হয়েছে।"
ভারতকে ইঙ্গিত করে নিজামী আরও বলেন, "তারা একঢিলে দুই পাখি নয়, এক ঢিলে তিন পাখি মেরেছে। বিডিআরকে দিয়ে বিডিআর মারার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আমাদের অহংকার সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছে এবং জাতীয নিরাপত্তা ও প্রতিরক্ষা দুর্বল করা হয়েছে। এর পেছনে স্বার্থ কার থাকতে পারে
bdnews24