২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবেলায় সমন্বিত বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলার জন্য আগামী এক মাসের মধ্যে সব রপ্তানি খাতের জন্য সমন্বিতভাবে একটি বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলার জন্য আগামী এক মাসের মধ্যে সব রপ্তানি খাতের জন্য সমন্বিতভাবে একটি বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, "চলমান বিশ্ব মন্দার কারণে চামড়া রপ্তানিসহ অন্যান্য খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে রপ্তানিকারকরা আশংকা করছেন। বিভিন্ন সংগঠন থেকে এই মন্দা মোকাবেলার জন্য বিশেষ ইনসেনটিভ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে। আমরা (সরকার) বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছি।" তিনি বলেন, "কোন খাতে কি রকম নেতিবাচক প্রভাব পড়তে পারে তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সব সেক্টরের জন্য একটি সমন্বিত সহায়তা স্কিম ঘোষণা করা হবে।" তিনি জানান, চামড়া শিল্প মালিকরা জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে। এ ব্যাপারে তারা ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছে ২৫০ কোটি টাকা চেয়েছেন। অর্থমন্ত্রী বলেন, "এ ক্ষতিপূরণের ব্যাপারে আমি তাদের কোনো আশ্বাস দেইনি। সরকারে উচ্চ পর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৩৪৩ ঘ.