ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের সব স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত এবং তাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠাসহ বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে রোববার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আর্ন্তজাতিক নারী দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "নারী ও কণ্যা শিশুদের বিরুদ্ধে সহিংসতা অবসানে নারী-পুরুষ ঐক্যবদ্ধ হোন''।
দিবসটি উপলক্ষে রোববার সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শোভাযাত্রা, সেমিনার, গুণী নারীদের সন্মাননা প্রদান, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।
প্রতিবন্ধী নারীরা সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন সকাল ১১টায় মুক্তাঙ্গনে মানববন্ধন করে। সকাল সাড়ে ১০টায় মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা করে ভাসমান নারী শ্রমিক ইউনিয়ন।
এছাড়া সকালে ৯টায় জাতীয় জাদুঘর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা। এতে সংস্থাগুলোর নারী সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড ও রঙিন ফেস্টুন বহন করেন।
দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে জাতীয় প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে 'প্রতিবন্ধী নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। সেসব বাণীতে তারা বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের শুভেচ্ছা জানিয়ে দিবসটির সাফল্য কামনা করেছেন।
১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পোশাক কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ শ্রম ঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হন। আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কাজের অধিকার আদায় করে নেন তারা।
নারী আন্দোলনের ওই দিনটি অক্ষয় করে রাখতে ১৯১০ সালে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চ আন্তর্জাতিকভাবে নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর ১৯১১ সাল থেকে দিনটি নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
নারী দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, বাম মোর্চাসহ বিভিন্ন রাজনৈতিক ও নারী সংগঠনের পক্ষ থেকেও আলাদা বিবৃতি দেওয়া হয়েছে।
মহিলা পরিষদ, সম্মিলিত নারী সমাজ, জাতীয় নারী জোট, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন, বাংলাদেশ ইনস্টিটিউিট অব লেবার স্টাডিজ-বিলস, কর্মজীবী নারী, শিল্পকলা একাডেমি, গণতান্ত্রিক মহিলা সমিতি, বাংলাদেশ কিষাণী সভা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন, ন্যাশনাল কো-অর্ডিনেশন ফর ওয়ার্কার্স এডুকেশন, নারী উদ্যোগ কেন্দ্র, দি উইমেনস জেন্ডার ইন মিডিয়া ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, বাঁচতে শিখো নারী, জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, জাতীয় সংঘ সমিতি, বিপ্লবী নারী সংহতি, দুর্জয় নারী সংঘ, প্রজেক্ট ফর রুরাল এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্র"ভমেন্ট অব পুওর, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি ইলেকট্রনিক চ্যানেলগুলো দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স
bdnews24