সাভার, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাভার বাজারে এক সরিষা ব্যবসায়িকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে ভুয়া র্যাব সদস্যরা।
তবে ছিনতাইকারীদের মধ্যে চারজনকে আটক করা হলেও বাকী ৪ লাখ ৮৯ হাজার ১'শ টাকা নিয়ে পালিয়ে গেছে কালাম নামের এক ভুয়া র্যাব সদস্য।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, হাতকড়া, একটি ওয়াকিটকি সেট, একটি ক্যালকুলেটর ও নগদ ১০ হাজার ৯ শ' টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হচ্ছে গোলাম রব্বানী (৩২), এনামুল হক (৪৩), মোঃ লিটন (২৮) ও মোঃ আলম (৪৩)।
র্যাব কর্মকর্তা জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৮৪২) নিয়ে সাভার বাজারের সরিষাহাটে যায় পাঁচ র্যাব সদস্য। এ সময় সুধীর চন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী ৫ লাখ ১ হাজার টাকা নিয়ে হাটে যান।
কিন্তু ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগেই হাতকড়া পরিয়ে টাকা ছিনিয়ে নিয়ে তারা তাকে গাড়িতে ওঠানোর জন্য ধাক্কা-ধাক্কি শুরু করে বলে উল্লেখ করে তিনি বলেন, এ সময় এক ভুয়া র্যাব সদস্য তাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দ্রুত গাড়িতে ওঠার নির্দেশ দেয়। তার চিৎকারে স্থানীয়রা গাড়িসহ ভুয়া র্যাব সদস্যদের পাকড়াও করে।
র্যাব কর্মকর্তারা জানান, খবর পেয়ে র্যাব-৪-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক করে ম্ইাক্রোবাসসহ ভুয়া ৪ র্যাব সদস্যকে।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে গোলাম রব্বানী (৩২) সেনা বাহিনীতে ডিজিএফআই'র সদস্য হিসেবে কর্মরত ছিলো। মোঃ আলম (৪৩) বিডিআরের ল্যান্সকর্পোরাল হিসেবে ৪ ব্যাটালিয়ন থেকে তিন বছর আগে বরখাস্ত হয়ে অপরাধী তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/টিআর/২২৫০ ঘ.
bdnews24