২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৭ লাখ কর্মজীবী নারী শ্রম আইনের আওতাভুক্ত নন

অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ৯৭ লাখ কর্মজীবী নারী শ্রম আইনের আওতাভূক্ত নন। আবার প্রাতিষ্ঠানিক খাতের ১৬ লাখ নারীর একটি বিরাট অংশ শ্রম আইনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে জানিয়েছেন শিরীন আখতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ৯৭ লাখ কর্মজীবী নারী শ্রম আইনের আওতাভূক্ত নন। আবার প্রাতিষ্ঠানিক খাতের ১৬ লাখ নারীর একটি বিরাট অংশ শ্রম আইনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে জানিয়েছেন শিরীন আখতার। 'বিশ্ব নারী দিবস' উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুক্রবার এক আলোচনা সভায় বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নারী শ্রমিক উন্নয়ন প্রকল্পের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব শিরীন আখতার এ তথ্য জানান। তিনি বলেন, প্রতি বছর গড়ে ৫ লাখ নারী শ্রম বাজারে শ্রম বিক্রি করতে আসেন। তাদের ৯০ শতাংশের বেশি শ্রম-আইনের আওতায় কোনো সুরক্ষা পান না। সভায় শিরীন আখতার কর্মক্ষেত্র, পেশা, পদমর্যাদা সবক্ষেত্রে নারীর জন্য একটি অভিন্ন দাবিনামা ঘোষণা করেন। এসব দাবির মধ্যে রয়েছে নিয়োগ ও চাকরি, কর্মঘণ্টা, বিশ্রাম, ছুটি, মজুরি, সামাজিক নিরাপত্তা, কর্ম-পরিবেশ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, মাতৃত্বকালীন সুরক্ষা এবং অভিবাসী নারী শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। দাবির মধ্যে আরো রয়েছে বৈষম্য দূর, অশালীন আচরণ ও হয়রানির বিরুদ্ধে নিরাপত্তা এবং এ দাবিগুলোকে শ্রম আইনের অন্তর্ভুক্ত ও এগুলোর আইনি সুরক্ষা নিশ্চিত করা। এসব দাবি পূরণে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, "কর্মক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী পুরুষ সবাইকে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।" বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "এ ঘোষণাকে আমরা বাস্তবায়ন করব। নারীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আমরা সক্ষম হব বলে আশা করছি।" বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/টিআর/২৩১২ ঘ.