শেরপুর, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাংবাদিক বজলুর রহমান ছিলেন একটি প্রতিষ্ঠান এবং সাংবাদিক গড়ার কারিগর। তার হাতে গড়া সাংবাদিকরা আজ বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত।
শুক্রবার বিকেলে বাংলা দৈনিক সংবাদের সাবেক সম্পাদক প্রয়াত বজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "বজলুর রহমান ছিলেন সংবাদপত্র শিল্পের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি আমৃত্যু দেশের সংবাদপত্র শিল্পকে সেবা দিয়ে গেছেন।"
স্বাধীনতা যুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বজলুর রহমান অনন্য ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
শেরপুর স্মরণ সভা উদযাপন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে মুল বক্তা ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নুহ-উল-আলম লেলিন।
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুনার রশীদ, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, ড. সুধাময় দাস প্রমুখ।
সভার শুরুতে গত ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তর পিলখানায় শহীদ সেনা সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, "বর্তমান শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিডিআর সদরদপ্তরে নারকীয় তান্ডব চালিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।"
অনুষ্ঠানের আগে এ দুই মন্ত্রী স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত 'শেরপুর জেলা পরিচিতি' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ সময় জেলা প্রশাসক সামসুন্নাহার বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও আ. লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24