২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুক বিল্ডিং পদ্ধতির অনুমোদন দিল এসইসি

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাথমিক শেয়ারের (আইপিও) মূল্য নির্ধারণে নতুন পদ্ধতির (বুক বিল্ডিং) অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাথমিক শেয়ারের (আইপিও) মূল্য নির্ধারণে নতুন পদ্ধতির (বুক বিল্ডিং) অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৃহস্পতিবার এসইসি'র এক বৈঠকে নতুন এই পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। আগের পদ্ধতির পাশাপাশি এই প্রক্রিয়ায়ও বিনিয়োগকারীরা আইপিও ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আইপিও ছাড়ার আগে বেঁধে দেওয়া আইপিও'র সর্বনিম্ন বা তার বেশি দামের কয়েকটি প্রস্তাব দেওয়ার বিধান রাখা হয়েছে। এর পর কয়েকটি ধাপে যাচাই-বাছাই শেষে আইপিও শেয়ারের দাম নির্ধারণ করবে কর্তৃপক্ষ। প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য নতুন এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসইসি। ফরহাদ আহমেদ আশা প্রকাশ করেন, গেজেট আকারে প্রকাশের তিন মাসের মধ্যেই এই নতুন নিয়ম চালু করা সম্ভব। আগের নিয়মে, আইপিওর মূল্য নির্ধারণ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাব এসইসি কর্তৃপক্ষের কাছে পেশ করতে হতো। কেবল সঠিক মনে হলেই কর্তৃপক্ষ সেই প্রস্তাবের অনুমোদন দিয়ে থাকত। নতুন নিয়মের পাশাপাশি পুরনো নিয়মও কার্যকর থাকবে বলে জানান এসইসি নির্বাহী পরিচালক। তিনি বলেন, "সাধারণ আইপিও বাজারে ছাড়ার কয়েক দিনের মধ্যেই এর প্রাথমিক মূূল্যের সঙ্গে বাজার মূল্যের বিরাট ব্যবধান তৈরি হয়। এতে লাভজনক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহ দেখাত।" যেসব প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা এবং কোন পুঞ্জীভূত লোকসান নেই কেবল সেসব প্রতিষ্ঠান এই নতুন নিয়মে আইপিও ছাড়ার আবেদন করতে পারবে। এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ আরো বলেন, "এসব প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা নিয়মিতভাবে করতে হবে এবং শেষ অর্থ বছরের নীরিক্ষা কমিশনের কোন প্যানেলভুক্ত প্রতিষ্ঠান দ্বারা নীরিক্ষা করাতে হবে।" পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা ৩০ কোটি টাকা যেটি বেশি হবে সেই পরিমাণ সিকিউরিটিজই প্রতিষ্ঠানকে প্রস্তাব করতে হবে বলেও জানান তিনি। বুক বিল্ডিং পদ্ধতি অনুযায়ী, মার্চেন্ট ব্যাংক (ইস্যু ম্যানেজার ছাড়া), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, স্বীকৃত পেনশন এবং প্রভিডেন্ড ফান্ড, স্টক এক্সচেঞ্জ ডিলার এই মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এছাড়া এসইসি কর্তৃপক্ষের অনুমোদন শর্তে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল এবং যেকোন প্রতিষ্ঠান এই পদ্ধতিতে শেয়ার ছাড়তে পারবে বলেও জানান তিনি। অন্যদিকে, বৃহস্পতিবারের বৈঠকে রূপালী ব্যাংকের ৩ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিপরীতে সাড়ে চার লাখ শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে এসইসি। ব্যাংকটির প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/আরএইচ/এএল/এসকে/২১৩৪ঘ.