২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

দেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ সুবিধার কথা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ সুবিধার কথা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্মাণ শিল্প নিয়ে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, "কিছু সমস্যা থাকার পরও বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এখানে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তারা বাংলাদেশে অন্য যেকোন দেশের চেয়ে বেশি লাভবান হতে পারে।" পাশাপাশি তিনি ভূমির যথাযথ ব্যবহারের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই) এ সম্মেলনের আয়োজন করে। আব্দুল মুহিত বলেন, "বাংলাদেশ একটি জনবহুল দেশ। জমি বা ভূমি সমস্যা আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা। নানা কারণে আবাসযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এর পর বন্যা-জ্বলোচ্ছাস, ঘুর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়।" আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, বিএসিআই-এর সভাপতি শেখ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। রফিকুল ইসলাম জানান, সম্মেলনে ১৬টি দেশের ২২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এদিকে এ সম্মেলনের পাশাপাশি ঢাকার শেরাটন হোটেলে ঢাকা আন্তর্জাতিক নির্মাণসামগ্রী প্রদর্শনীরও আয়োজন করেছে বিএসিআই। বুধবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান তিন দিনের এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/এএল/এইচএ/১৯৫০ঘ.