ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- গ্রেপ্তারকৃত বিডিআর'র চাকরিচ্যুত এক সিপাহীকে বুধবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আলমগীর হোসেন নামের এ সিপাহীকে মঙ্গলবার মতিঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বুধবার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আলমগীর মঙ্গলবার মালিবাগের একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরির জন্য যায়। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় কোম্পানীর লোকজন খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।"
থানায় এনে জিজ্ঞাসাবাদের সময় আলমগীর জানায়, বিডিআর'র নিয়ম অনুযায়ী চাকরি করা অবস্থায় তার বয়স ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করায় গত জানুয়ারি মাসে তার চাকরি চলে যায়।
ওসি আরো জানান, আলমগীরের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় সিআইডিকে খবর দেওয়া হয়। বুধবার সকাল থেকে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
প্রয়োজনে আলমগীরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও ওসি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24