ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- আইন সচিব কাজী হাবিবুল আউয়ালকে অপসারণের জন্য সরকারকে বেধে দেওয়া দশ দিনের চুড়ান্ত সময়সীমা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার ঢাকার জেলা জজ ভবনের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয় মঙ্গলবার।
বিডিআর বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গাজীপুরের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. শাহজাহান সাজু।
সভায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়াও করা হয়।
অ্যাসোসিয়েশনের পরবর্তী সভায় আইন সচিবের অপসারণ নিয়ে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে এসময় বলা হয়।
অ্যাসোসিয়েশন গত ২০ ফেব্র"য়ারি আইন সচিবের অপসারণ দাবিতে সরকারকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছিল। তারা এ পদে বিচার প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগের দাবি করছে।
বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/টিআর/এসকে/২৩১৫ ঘ.
bdnews24