২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় সরণির নকশা বদল, কাজ শেষ হবে ডিসেম্বরে

বহুল প্রতীক্ষিত বিজয় সরণি সংযোগ সড়ক আগামী ২৬ মার্চ জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। সড়কের নির্মাণ কাজের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশা অনুযায়ী, কাজ শেষ হবে ডিসেম্বর নাগাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডকটম)- বহুল প্রতীক্ষিত বিজয় সরণি সংযোগ সড়ক আগামী ২৬ মার্চ জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। সড়কের নির্মাণ কাজের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশা অনুযায়ী, কাজ শেষ হবে ডিসেম্বর নাগাদ। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান মঙ্গলবার তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। এর আগে তিনি তার মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কুড়িল ফ্লাইওভার ও বিজয় সরণি সংযোগ সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রতিশ্র"তি অনুযায়ী বিজয় সরণি আগামী ২৬ মার্চ উন্মুক্ত করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের আপত্তির কারণে সংযোগ সড়ক নির্মাণ কাজের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ কারণে প্রকল্পটি সম্পন্ন হবে আগামী ডিসেম্বর নাগাদ। তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার আগে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব নয়। বরং প্রকল্প এলাকায় মূল সড়কের পাশে অনেক সংযোগ সড়ক হচ্ছে যা যানবাহনের গতি কমিয়ে দেবে। এছাড়া প্রকল্প এলাকায় ৪৭৩ মিটার রেল ওভারপাস নির্মাণেও বেশ সময় লাগবে। তবে সময় বাড়লেও প্রকল্পের নির্মাণ ব্যয় ১২২ দশমিক ২০ কোটি টাকার বেশি হচ্ছে না। কুড়িল ফ্লাইওভার নির্মাণ কাজ শুরুর ব্যাপারে মান্নান খান বলেন, ৩০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের জন্য এরই মধ্যে সাতটি দেশীয় প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদিত হলে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই নির্মাণ কাজ শুরু হবে। বিডিআরের ঘটনায় কারা জড়িত থাকতে পারে, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি, এসবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, অবশ্যই তারা এর সঙ্গে জড়িত রয়েছে। এাছাড়া এ ধরনের মানবাধিকার লংঘণের মতো হত্যাকাণ্ড কেউ ঘটাতে পারে না। তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন। যারা চায়না দেশ এগিয়ে যাক, তারাই অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতি রুখতে চায়। সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ব্যহত করতেই এটা করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/টিআর/১৯১৩ ঘ.