ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশের মোট প্রতিবন্ধী শিশুর মাত্র চার শতাংশ শিক্ষার সুযোগ পাচ্ছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৫২ হাজার প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী রয়েছে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ (ইউডিপিডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এতথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৫২ হাজারের মধ্যে মাত্র ১২ হাজার ২০৯ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী সরকারের উপ-বৃত্তি সুবিধা পাচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের কাছে দেশে প্রকৃত প্রতিবন্ধীর সংখ্যার নিশ্চিত তথ্য নেই।
এতে আরো বলা হয়, সরকার ২০০১ সালে প্রতিবন্ধীদের কল্যাণে 'বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১' প্রণয়ন করলেও দেশের প্রতিবন্ধী শিশুরা সমান অধিকার পাচ্ছে না। আইন অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য সকল পর্যায়ে একীভূত অথবা বিশেষ শিক্ষা কার্যক্রম প্রবর্তনের বিধান রয়েছে।
মূল বক্তব্যে মুক্তাগাছা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুমি রাণী গৌড় অভিযোগ করেন, আইন অনুযায়ী প্রতিবন্ধীদের স্বার্থ রক্ষায় প্রতিটি জেলায় প্রতিবন্ধী কল্যাণ কমিটি থাকার বিধান রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ওই কমিটি কোথাও কোথাও থাকলেও তা কার্যকর নয়। তিনি বলেন, এ কমিটিকে কার্যকর করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- জেলা পর্যায়ের প্রতিবন্ধী কল্যাণ কমিটি কার্যকর করা, প্রতিবন্ধীদের চিহ্নিত করে পরিচয়পত্র দেওয়া, বিভিন্ন সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি ইউনিট চালু করা, সব প্রতিবন্ধী শিশুকে শিক্ষার আওতায় আনা।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক এএসএম হাসনাইন ফাতমী ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য খলিলুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ২৪ডটকম/এমকে/এসকে/২২২৮ঘ.
bdnews24