২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা তথ্যমন্ত্রীর

দেশের সঙ্কটময় মুহূর্তে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা ও সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডকটম)- দেশের সঙ্কটময় মুহূর্তে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা ও সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তথ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান। বিভিন্ন টিভি চ্যানেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার কোন সংবাদ সেন্সর করে না বা করবে না। কারণ সরকার অবাধ তথ্য-প্রবাহে বিশ্বাসী। এজন্য শিগগিরই তথ্য অধিকার আইন পাশ করা হচ্ছে। বিডিআর সঙ্কট থেকে উত্তরণে প্রচার মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেছে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গত ২৭ ফেব্র"য়ারি ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে সরকারের মতবিনিময়ের বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা করা হয় মঙ্গলবার। আবুল কালাম আজাদ বলেন, "তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেছি। সংবাদ পরিবেশনে আরো সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেছি। জাতীয় সঙ্কটের সময় যাতে একযোগে কাজ করতে পারি সে ব্যাপারে সহযোগিতা চেয়েছি।" সরকার কী ধরণের 'দায়িত্বশীলতা' প্রত্যাশা করছে এমন এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, "একই সংবাদ বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে উপস্থাপন করে। এমন কিছু সংবাদ প্রচার করে যা দর্শককে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তিকর খবর দেশকে বিপদের মুখে ঠেলে দেয়।" বিডিআর বিদ্রোহে মৃতদেহ দেখানোর কৌশল এবং মহিলাদের বিব্রত করার মতো প্রশ্নের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, "মহিলাদের এমনভাবে কিছু প্রশ্ন করা হচ্ছিল, যা বিব্রতকর। তারা উত্তর দিতে চাচ্ছিলেন না। কিন্তু সংশ্লিষ্ট রিপোর্টার এক প্রকার চাপ প্রয়োগ করছিলেন। এ ধরনের রিপোর্ট দর্শককে বিভ্রান্ত করে, জাতিকে ক্ষতিগ্রস্ত করে।" বিডিনিউজ২৪ডটকম/এমকে/টিআর/এসকে/১৯৫৭ ঘ.