ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের পর মাটি খুঁড়ে উদ্ধার করা অজ্ঞাত পাঁচটি মৃতদেহের মধ্যে প্রাথমিকভাবে দুইটির পরিচয় পাওয়া গেছে।
মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে আছে।
শনাক্ত হওয়াদের একজন সেনাবাহিনীর মেজর এবং অপরজন বিডিআরের সুবেদার মেজর। লাশ দেখে আত্মীয়রা তাদের শনাক্ত করেন। তবে এদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করার পরই লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে নিখোঁজ মেজর কাজী আশরাফ হোসেনের বোন আশরাফুন নেছা অজ্ঞাত পাঁচটি মৃতদেহের মধ্যে একটির দাঁত এবং নাকের মধ্যে কাটা দাগ দেখে সেটি তার ভাইয়ের লাশ বলে শনাক্ত করেন।
সোমবার রাতে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে যে ছয় কর্মকর্তাকে নিখোঁজ উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে মেজর কাজী আশরাফ হোসেনের নাম রয়েছে।
মেজর সুবেদার নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম অজ্ঞাত মৃতদেহগুলোর মধ্যে একজনের চাপদাড়ি এবং বুকের চুল দেখে সেটি তার বাবার লাশ বলে শনাক্ত করেন।
গত ২৫ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের পর ২৮ ফেব্র"য়ারি মাটি খুঁড়ে ১০টি লাশ উদ্ধার করা হয়। সেদিন তার মধ্যে পাঁচটির পরিচয় শনাক্ত করা যায়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/জিএমএ/এজে/জিএনএ/১৫৩৪ ঘ.
bdnews24