২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তকের সঙ্কট এড়াতে আগামীতে ডিসেম্বরের আগেই ছাপার কাজ শেষ করা হবে

আগামীতে যাতে পাঠ্যপুস্তকের সঙ্কট না হয় সেজন্য প্রতিবছর ডিসেম্বরের আগেই বই ছাপার কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)--আগামীতে যাতে পাঠ্যপুস্তকের সঙ্কট না হয় সেজন্য প্রতিবছর ডিসেম্বরের আগেই বই ছাপার কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি সোমবার জাতীয় সংসদে বিএনপি সাংসদ এএম মাহাবুবউদ্দীন খোকনের এক নোটিশের জবাবে এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, "আগামীতে যাতে পাঠ্যবইয়ের সঙ্কট না হয় সেজন্য এখন থেকেই বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরের আগেই যেন বইছাপার কাজ শেষ করতে পারি সেজন্য প্রস্তুতি চলছে।" শিক্ষামন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য এখন থেকেই শিক্ষার্থীদের তথ্য নিয়ে বইয়ের চাহিদা নিরূপণ করা হবে। এ বিষয়ে সুপারিশ করার জন্য একটি কমিটিও গঠন করা হবে। চলতি শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের সঙ্কটের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে শিক্ষামন্ত্রী বলেন, "বর্তমান শিক্ষাবর্ষের বই ছাপার দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক সরকারের। তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে যথেষ্ট সতর্ক ছিল না। চাহিদার চেয়েও কম বই ছাপার নির্দেশ দিয়েছিল তারা।" মন্ত্রী বলেন, তারপরেও তারা দায়িত্ব না এড়িয়ে সঙ্কট মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই চাহিদা অনুযায়ী চলতি শিক্ষাবর্ষের বই পাওয়া যাবে এবং আগামী বছর থেকে এ ধরনের সমস্যা আর হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএমএ/এসকে/