২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াক আউটের পর সংসদে ফিরেছে বিএনপি

বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় জাতীয় সংসদে রোববার শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে প্রচার না করার প্রতিবাদে সোমবার সংসদ থেকে ওয়াকআউট করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় জাতীয় সংসদে রোববার শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে প্রচার না করার প্রতিবাদে সোমবার সংসদ থেকে ওয়াকআউট করে বিএনপি। ঘন্টাখানেক অধিবেশন কক্ষের বাইরে থাকার পর সাতটার দিকে বিএনপি সাংসদরা ফিরে আসেন। প্রশ্নোত্তর পর্বের পর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক পয়েন্ট অফ অর্ডারে দাড়িয়ে ডেপুটি স্পিকার শওকত আলীকে উদ্দেশ করে বলেন, "গতকাল (রোববার) বিরোধী দলীয় নেত্রীর ভাষণ বিটিভিতে প্রচার করা হয়নি। কিন্তু, তারপরই প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হয়। বিরোধী দলের শপথ অনুষ্ঠানও বিটিভিতে প্রচার করা হয়নি। সেসময়, রুলিং দিয়ে সর্তক করে দেওয়া হয়েছিলো।" বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "স্পিকারের রুলিংয়ের পরও বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য কেটে দেওয়া হয়েছে। বিটিভি কারো একার সম্পত্তি নয়। "বিটিভি পুরো দেশের মানুষের সম্পদ। কালকে (রোববার) বিরোধীদলীয় নেত্রীর ভাষণ প্রচার না করার প্রতিবাদে আমরা ওয়াক-আউট করছি।" পরে, বিরোধী দলের ওয়াক-আউটের সমালোচনা করেন সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/এসকে/১৯০৭ঘ.