ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে ঝিনাইদহে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ এবং শিশু ও নারী নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. বেলায়েত উল্লাহ মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- কামাল মোল্যা। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলেমনখালী গ্রামে।
২০০৪ সালের ৫ অক্টোবর কামাল যৌতুক না পেয়ে স্ত্রী সেলিনা খাতুনকে হত্যা করে ইট বেঁধে লাশ পুকুরে ডুবিয়ে দেন। পরে লাশ ভেসে উঠে। সেলিনার বাড়ি একই উপজেলার পন্ডিতপুর গ্রামে।
এ ঘটনায় তার মা আয়েশা খাতুন সদর থানায় একটি হত্যা মামলা করেন। বিয়ের পর থেকে কামাল স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু তালেব। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট আ ন ম আনোয়ার হোসেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24