২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সোমবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছেন মা ও ছেলেসহ তিনজন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও তিনজন। আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সোমবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছেন মা ও ছেলেসহ তিনজন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও তিনজন। আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে। নিহতরা হলেন- উপজেলার অর্জুনদহ গ্রামের ওমর আলীর মুন্সীর স্ত্রী লাইলী বেগম (৩৫), তার ছেলে সোহাগ মুন্সী (৭) এবং বন্ধুর ছেলে ইব্রাহীম মীর (১১)। অগ্নিদগ্ধ হয়েছেন- ওমর আলী মুন্সীর বড় ছেলে সুজন মুন্সী (১৩), মেয়ে তৃষ্ণা আক্তার (৫) এবং বন্ধু আবুল মীর (৪৩)। মারাত্মক আহত অবস্থায় তাকে আবুলকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, রাত ৮টার দিকে ওই বাড়ির সবাই খেয়ে দেয়ে ঘুমাতে যান। বাড়ির একটি রান্না ঘর থেকে রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওমর আলী, ভাই ওবায়েদুর মুন্সী ও শুকুর মুন্সীর বসতঘর ও রান্না ঘরে। ওমর আলীর স্ত্রী লাইলী মেয়ে তৃষ্ণাকে ঘর থেকে বাইরে নিয়ে আসেন। ছেলে সোহাগকে উদ্ধার করার জন্য আবার ঘরে ঢোকেন। কিন্তু তিনি ছেলেকে নিয়ে আর বেরিয়ে আসতে পারেননি। দুজনই পুড়ে মারা যায়। ওমর আলীর বন্ধুর ছেলে ইব্রাহীম ঘর থেকে বের হওয়ার সময় পা আটকে যায়। আটকা পড়ে সেও আগুনে পুড়ে মারা যায়। প্রত্যক্ষদর্শী ওবায়দুর সাংবাদিকদের বলেন, তীব্র তাপে ঘুম থেকে উঠে তারা দেখেন চারিদিকে শুধু আগুন আর আগুন। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি। একে একে তাদের তিনটি বসত ঘর ও দুটি রান্না ঘর পুড়ে যায়। তিনি জানান, ঘরে থাকা নগদ প্রায় ২৮ হাজার টাকা, ধান, গবাদি পশু-পাখি, খাদ্যদ্রব্য, কাপড়চোপড় ও আসবাবপত্র সব কিছুই পুড়ে গেছে। এতে তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বসতভিটা ছাড়া তাদের আর কিছুই নেই। স্ত্রী, সন্তান হারিয়ে শোকার্ত ওমর আলী মুন্সী (৪৫) বলেন, সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব। মা ও ভাইয়ের মৃত্যুতে তার ছোট মেয়ে তৃষ্ণা এখন বাকরুদ্ধ। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রী ও ছেলেকে দাফন করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী খান ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুন্সী ধলু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.