ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিগত জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসর পাওয়া সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতকে সরকার সচিব পদে পদোন্নতি দিয়ে অবসরে পাঠিয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
সেইসঙ্গে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত ২০০১ সালের ২৯ নভেম্বরের প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়েছে। বুধবার অপর এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, সেরনিয়াবাতকে ২০০৩ সালের ২৬ জানুয়ারি অতিরিক্ত সচিব এবং ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর সচিব পদে 'ভূতাপেক্ষভাবে' পদোন্নতি দেওয়া হয়। সেইসঙ্গে তাকে ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।
সেরনিয়াবাত তার প্রাপ্য বকেয়া বেতন-ভাতা, পেনশনসহ সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে সেরনিয়াবাতের দায়ের করা মামলার রায় ও তার আবেদনের প্রেক্ষিতে সরকার জনস্বার্থে এ আদেশ জারি করেছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/ডিডি/এইচএ/০২০৩ঘ.
bdnews24