২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের দুটি চিনিকলে কম দামে চিটাগুড় বিক্রির অভিযোগ

চিনি ও খাদ্য শিল্প সংস্থা এবং জেলা প্রশাসনের যোগসাজসে নাটোরের দুটি চিনিকলের সাড়ে সাতশ' মেট্রিক টন চিটাগুড় বাজার মূল্যের চেয়ে ১৫ লাখ টাকা কমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

নাটোর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চিনি ও খাদ্য শিল্প সংস্থা এবং জেলা প্রশাসনের যোগসাজসে নাটোরের দুটি চিনিকলের সাড়ে সাতশ' মেট্রিক টন চিটাগুড় বাজার মূল্যের চেয়ে ১৫ লাখ টাকা কমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিনিকল দুটির শ্রমিক-কর্মচারি এবং আখ চাষীদের অভিযোগ, একজন ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য দরপত্র আহ্বান না করেই চিটাগুড় বিক্রি করা হয়েছে। এর প্রতিবাদে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকরা সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল সুগার মিল (গোপালপুর) কর্তৃপক্ষ জানায়, গত ১০ ফেব্র"য়ারি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থায় অনুষ্ঠিত (১৮৫৪ তম) পরিচালক মণ্ডলীর সভায় নাটোরের মেসার্স কাজল অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানের কাছে ৩৩৩ টাকা মণ দরে চিটাগুড় বিক্রির সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নাটোর চিনিকল ২৫০ ও নর্থ বেঙ্গল সুগার মিল ৫০০ মেট্রিক টন চিটাগুড় মেসার্স কাজল অ্যান্ড সন্সকে সরবরাহ শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী পাবনা ও জয়পুরহাট চিনিকল একই চিটাগুড় ৪০৪ টাকা মণ দরে বিক্রি করছে। এ হিসেবে নাটোরের দুটি চিনিকলের বিক্রিত সাড়ে সাতশ' মেট্রিক টন চিটাগুড়ে ১৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা লোকসান হবে। দরপত্র ছাড়াই কম মূল্যে চিটাগুড় বিক্রির কথা স্বীকার করে নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "এটা সংস্থার (বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা) কেন্দ্রীয় সিদ্ধান্ত। আমাদের কিছুই করার নাই।" তিনি জানান, নাটোরের জেলা প্রশাসক এই এলাকাকে বন্যা দুর্গত বলে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া পরিপ্রেক্ষিতে সংস্থার পরিচালকমণ্ডলীর সভায় কাজল অ্যান্ড সন্সকে ৩৩৩ টাকা মণ দরে চিটাগুড় সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। নাটোর বন্যা দুর্গত না হয়েও এই সুবিধা কেন দেওয়া হলো জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক বলেন, "এ ব্যাপারে আমার মন্তব্য করার কিছুই নাই। সরবরাহকৃত চিটাগুড় আদৌ গো খাদ্য হিসেবে ব্যবহার হবে কি না তা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের।" নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী গোলাম মোর্তুজা বলেন, "এটা কর্পোরেশনের সিদ্ধান্ত। আমাকে বরাদ্দকৃত ৫০০ টন চিটাগুড় সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিলে কর্পোরেশন নিবে। আমি নির্দেশ বাস্তবায়নকারী কর্মকর্তা মাত্র।" তিনি বলেন, "এ বিষয়ে এর চেয়ে বেশি কোন মন্তব্য আমি করতে পারি না।" মেসার্স কাজল অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী জামিলুর রহমান কবির বলেন, "জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় আমার কাছে নির্ধারিত মূল্যে চিটাগুড় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।" এটা নিয়ম মাফিক হয়েছে বলে তিনি মনে করেন। নাটোরের জেলা প্রশাসক শাহিন আহমেদ চৌধুরী বন্যা দুর্গত এলাকা হিসেবে চিঠি দেওয়ার কথা স্বীকার করে বলেন, "আমি ওই সময় নাটোরে সদ্য যোগদান করেছিলাম। তখন জেলা পশু সম্পদ কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে চিঠি পাঠিয়েছি মাত্র। আমি মূল্য নির্ধারণ করে দেইনি। সংস্থা কমমূল্যে বিক্রির সিদ্ধান্ত নিলে তার জবাব আমি দিতে পারি না। প্রয়োজনে আমি চিটাগুড় বিক্রি স্থগিতের জন্য মন্ত্রণালয়ে অনুরোধ করবো।" কম দামে চিটাগুড় বিক্রির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিনিকল দুটির শ্রমিক-কর্মচারি ও আখচাষী নেতারা। কম মূল্যে চিটাগুড় বিক্রি বন্ধ রেখে দরপত্রের মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেওয়ার দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকরা সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন- নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামাল, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ। এ অনিয়ম বন্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও সমাবেশে ঘোষণা দেন। এদিকে আখ চাষী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, "চিনিকল দুটি এবার বিপুল পরিমাণ লোকসান গুনবে। অথচ একজন ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়ার জন্য সংস্থা অন্যায় সিদ্ধান্ত নিয়েছে।" তার দাবি, বন্যার অজুহাতে কম মূল্যে চিটাগুড় বিক্রির সিদ্ধান্ত আত্মঘাতি। কারণ এই চিটাগুড় গো খাদ্য হিসেবে আদৌ ব্যবহার হবে না, হচ্ছেও না।" সরোয়ার বলেন, "আমরা চাষী। গো খাদ্য হিসেবে ব্যবহার করলে আমাদেরকে তা না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন যুক্তি নেই।" তিনি অবিলম্বে চিটিগুড় বিক্রির আদেশ স্থগিত করে দরপত্রের মাধ্যমে বিক্রির দাবি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.