বগুড়া, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - পূর্ব শত্র"তার জের ধরে বগুড়া শহর শাখা ছাত্রলীগের সদস্য সুমন কুমার চৌধুরীকে (২২) সোমবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি শহরের চেলোপাড়া এলাকার সিবিয়া চৌধুরীর ছেলে।
শহর শাখা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন অভিযোগ করেন, একটি চশমাকে কেন্দ্র করে 'যুবদল সন্ত্রাসীরা' সুমনকে খুন করেছে।
তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন সুমনের তিন বন্ধু। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাহার বলেন, দুপুরে বাড়ির সামনে থেকে সুমনকে ডেকে করতোয়া নদীর ঘাটে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০/১২ জনের একটি দল সুমনের উপর হামলা চালায়।
দুর্বৃত্তরা রাম দা ও অন্যান্য ধারাল অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় তার বন্ধু পিন্টু, সবুজ ও স্বপন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা চারজনকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুমন মারা যায়।
এসআই নাহার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24