২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসের মধ্যে হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তর : বাণিজ্যমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যেই সরকার হাজারীবাগের চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে সাভারের ট্যানারী পল্লীতে স্থানান্তরের উদ্যোগ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- আগামী ছয় মাসের মধ্যেই সরকার হাজারীবাগের চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে সাভারের ট্যানারী পল্লীতে স্থানান্তরের উদ্যোগ নেবে। বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সোমবার একথা বলেন। রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারিগুলোর বর্জ্য এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে আসছে বলে এগুলো সরিয়ে নেওয়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ট্যানারি শিল্প স্থানান্তরের প্রধান অন্তরায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপনে সরকার উদ্যোগ নেবে। সরকার সেখানে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপনে পদক্ষেপ নেবে। সরকারিভাবে সম্ভব না হলে প্রয়োজনে বেসরকারিভাবে তা করা হবে। পরিবেশ রক্ষার জন্য ইটিপি স্থাপন বাধ্যতামূলক হলেও তা স্থাপনের আর্থিক সামর্থ্য নেই দাবি করে শিল্প মালিকরা এ নিয়ে অনীহা দেখিয়ে আসছেন। চামড়া শিল্প মালিকদের সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাইফুল ইসলাম চামড়া পণ্য রপ্তানী নীতিতে পরিবর্তন এনে প্রতিবন্ধকতাগুলো দূর করার অনুরোধ করেন। মন্ত্রীকে তিনি বলেন, সরকারী নীতির কারণে সমস্যা হয় বলে তারা রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন না। জবাবে ফারুক খান বলেন, সরকারের পক্ষ থেকে চামড়া শিল্পের বিরাজমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৪ঘ.