২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের অগণতান্ত্রিক ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয়: স্পিকার

সংসদ কার্যকর রাখতে 'অতীতের অগণতান্ত্রিক' ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ২৪ডটকম)- সংসদ কার্যকর রাখতে 'অতীতের অগণতান্ত্রিক' ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ২৬ দিন সংসদ বর্জন শেষে সোমবার প্রধান বিরোধী দল বিএনপি অধিবেশনে যোগ দেওয়ার পর স্পিকার সাংসদদের উদ্দেশে এ কথা বলেন। স্পিকার আব্দুল হামিদ বলেন, "আর যাতে অতীতের মতো কোনো অগণতান্ত্রিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। তবেই আমরা সংসদকে কার্যকরভাবে চালাতে পারবো।" সরকার ও বিরোধীদলকে রেখে সংসদ পরিচালনা করতে সব দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, "অনেক কিছু ঘটে গেছে, নতুন করে আমাদেরকে চিন্তা করতে হবে।" সংসদে ফিরে আসায় বিরোধী দলীয় সাংসদদের ধন্যবাদ জানান তিনি। আব্দুল হামিদ সভাপতিমণ্ডলীর তালিকায় বিএনপি'র কোন সাংসদের নাম না থাকার বিষয়ে ভুল স্বীকার করে বলেন, "সভাপতিমণ্ডলীর তালিকায় বিরোধী দলের নাম ছিল না, এটা আমার ভুল হয়েছে। তাড়াহুড়া করতে গিয়ে এটা হয়ে গেছে।" বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, "নতুন স্পিকারকে ধন্যবাদ জানাতে দেওয়া হয়নি- এই অভিযোগ ঠিক নয়। আমি সেদিন বিরোধীদলের সাংসদদের দিকে তাকিয়ে দেখেছি তারা কেউ হাত ওঠায় কি না। সে সময় কেউ হাত না ওঠানোর কারণে আমি কাউকে ফ্লোর দিতে পারিনি।" রোববার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়ার ঘোষণার পর সোমবার বিকেল ৩টা ৫৪মিনিটে বিএনপি সাংসদরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বক্তব্য দেওয়ার সময় সরকার ও বিরোধী দলকে সমান সুযোগ দিয়ে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান। জয়নাল আবদীন ফারুক বলেন, "আমরা সংসদকে কার্যকর করতে চাই। এ জন্য আমি অনুরোধ জানাবো- সরকার ও বিরোধী দলকে নিয়ে কার্যকর সংসদের যে কথা ভারতের লোকসভার স্পিকার বলেছেন তা স্পিকারও মেনে চলবেন।" দীর্ঘ বক্তব্যে বিরোধী দলের চিফ হুইপ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণে বিরোধী দলীয় নেতাকে প্রটোকল না দেওয়া, তার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা ও সংসদ পরিচালনায় সভাপতিমণ্ডলীর তালিকায় বিরোধী দলের নাম না থাকার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, "আমরা স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি। আমাদের আসন সংখ্যা কম হতে পারে তবে প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমরা ৩৩ শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব করছি। এ কথাটি ভুলে গেলে চলবে না।" এ সময় সরকারি দলের সাংসদরা হৈ চৈ শুরু করেন। তবে এরমধ্যেই বিরোধী দলের চিফ হুইপ বক্তব্য চালিয়ে যান। সংসদ নেতা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে জয়নাল আবদীন বলেন, "আপনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন খালেদা জিয়ার সরকার আপনার নিরাপত্তায় ১৫২ জন নিরাপত্তা কর্মী নিয়োগ করেছিল। অথচ আজকে আপনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দুইজন পুলিশ গার্ড আর একটি ভাঙা গাড়ি দিয়ে নিরাপত্তা দিচ্ছেন। "আমরা মনেকরি সরকার ও বিরোধী দলকে নিয়ে সংসদ কার্যকর হতে পারে। বিরোধী দলের নেত্রী এর একটি অংশ এটি সবাইকে অনুধাবন করতে হবে।" তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতার দেওয়া নামের তালিকা ছেটে অন্যদের নাম ঢোকানো সংসদীয় রীতি বহির্ভূত। জয়নাল আবদীন ফারুক বলেন, "আমরা মন্ত্রণালয় সংক্রান্ত দুটি কমিটিতে কোন সদস্যেরই নাম দেইনি তারপরও কীভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হলো- তা আমাদের বোধগম্য নয়।" বিরোধী দলের চিফ হুইপের বক্তব্যের পর স্পিকারের অনুমতি নিয়ে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ সংসদে ফিরে আসায় বিরোধী দলকে স্বাগত জানিয়ে বলেন, "দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।" তবে বিরোধী দলের চিফ হুইপ যেসব বক্তব্য রেখেছেন তার একশ' ভাগ তথ্যভিত্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আব্দুস শহীদের বক্তব্য ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে। এক পর্যায়ে সংসদ নেতা শেখ হাসিনার ইঙ্গিতে বক্তব্য শেষ করে বসে পড়েন তিনি। নবম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে প্রথম ও দ্বিতীয় সারিতে যথাক্রমে ৯টি ও ১০টি আসন দেন। কিন্তু নতুন স্পিকার আবদুল হামিদ শপথ নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করে প্রথম ও দ্বিতীয় সারিতে ৪টি করে আসন দেন। এর প্রতিবাদ করে বিএনপি গত ২৮ জানুয়ারি থেকে সংসদ অধিবেশনে যোগদান থেকে বিরত ছিল। আওয়ামী লীগ বলছে প্রাপ্ত আসনের অনুপাতে বিএনপিকে দেওয়া সামনের সারির আসনসংখ্যা যথার্থ। কিন্ত বিএনপি তা মানতে চায়নি। বিষয়টি মীমাংসার জন্য স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রোববার সংসদীয় দলের সভা করে সংসদে ফেরার সিদ্ধান্ত ঘোষণা করে। বিডিনিউজ২৪ডটকম/এসএম/এএনস/এএল/এইচএ/এসকে/১৯৩৪ঘ.