মাদারিপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারিপুরে রাজৈর ও কালকিনী উপজেলায় রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
এর মধ্যে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় বাস উল্টে মারা গেছেন তিনজন। কালকিনী উপজেলার ধামুশা এলাকায় একটি আলু বোঝাই টেম্পো উল্টে দুজন নিহত হয়েছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টার দিকে ঢাকা থেকে বরিশালগামী আজমেরী পরিবহনের একটি বাস টেকেরহাট এলাকায় একটি লোকাল বাসকে পাশ কাটানোর সময় স্পিড ব্রেকারে ধাক্কা লেগে উল্টে যায়।"
ঘটনাস্থলেই বাসযাত্রী ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা ফোরকান আহমেদ (২৫), শীতল (১৬) এবং আনুমানিক ১৭ বছর বয়সী অজ্ঞাত আরেকজন মারা যান। আহত হয়েছেন আরও ২৩ যাত্রী।
কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টার দিকে কালকিনীর ধামুশা নামক স্থানে আলুবোঝাই একটি টেম্পো (নছিমন) উল্টে যায়।"
এতে ঘটনাস্থলেই কলকোস ঢালী (২১) নামে একজন নিহত হন। পরাণ ঢালী ও কালু ঢালী নামে আরও দুজন আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা দুটি ব্যাপারে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৪ ঘ.
bdnews24