ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে নবম সংসদের নির্বাচিত সাংসদদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বিরোধী দল বিএনপির সংসদে যোগ দেওয়ার বিষয়ে স্পিকারের উদ্যোগ তুলে ধরে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ''স্পিকার বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন; হয়তো তাদের আরো কিছু চাহিদা পূরণ করবেন। আমি আশা করি, বিরোধী দল বিএনপি সংসদে ফিরে আসবে।''
সংসদ সচিবালয় ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট-এনডিআই'র যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দীর্ঘ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,'' জনগণের সাহসী ভূমিকা ও আর্ন্তজাতিক চাপে ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন হয়েছে। দেশে গণতন্ত্র ফিরে এসেছে।''
তিনি বলেন, ''পেছন থেকে এসে কেউ যাতে গণতন্ত্রের ঘাড় মটকাতে না পারে, সে জন্য দেশের জনগণকে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা নিতে হবে।''
একইসঙ্গে সংসদকে কার্যকর ও সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে তার সরকারের ভূমিকার কথাও বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/জিএনএ/১২৪৪ ঘ.
bdnews24