গাজীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- টঙ্গীর হরতুল এলাকা থেকে গ্রেপ্তার চার জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে পুলিশ রিমান্ডে নিয়েছে।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শনিবার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে মামুনের সাতদিন এবং অন্য তিনজনের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গাজীপুর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মদন মোহন বণিক আদালতে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।
এ চার কথিত জঙ্গি হল মামুনুর রশিদ, নূরজাহান, মিনা ও মারজিয়া।
মামুনসহ এ চার সন্দেহভাজন জঙ্গির বিরুদ্ধে শুক্রবার রাতে টঙ্গি থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় মামুনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আরো একটি মামলা করা হয়েছে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন বলেন, জঙ্গিদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে। শিগগিরই আরও কিছু জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীর হরতুল গ্রামের একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়। ওই বাসা থেকে পুলিশ পাঁচটি গ্রেনেড এবং গ্রেনেড তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।
এরপর বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে ওই জঙ্গিদের নিয়ে সংবাদ সম্মেলনের সময় হঠাৎ একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী মামুন ঝাঁপিয়ে পড়ে ওই গ্রেনেড ফাটিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ ১২ জন আহত হন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এসকে/২২১২ঘ.
bdnews24