ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি।
তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় এ দেশের মানুষের ভূমিকারও প্রশংসা করেন। (আরো তথ্যসহ)
শনিবার দুপুরে তিনদিনের সফরে ঢাকা পৌঁছে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া দেন ভারতীয় স্পিকার ।
সোমনাথ চ্যাটার্জিকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানটি দুপুর সোয়া দুইটায় জিয়ায় অবতরণ করে। পুষ্পস্তবক দিয়ে তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ।
অভিবাসন বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
সোমনাথ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের জনগণ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়। এজন্য তাদের অভিনন্দন জানাই। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।"
আগেও বাংলাদেশে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, " এ দেশকে আমার ভালো লাগে।"
সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বর্ষীয়ান রাজনীতিক সোমনাথ চ্যাটার্জি রোববার সকালে বাংলাদেশের সংসদ সদস্যদের 'পালামেন্টারী ওরিয়েনটেশন' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এনডিআই এর আয়োজন করেছে।
সোমনাথ চ্যাটার্জি শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনা-য় সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ভারতীয় স্পিকার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান, স্পিকার আব্দুল হামিদ ও সংসদের অন্যান্য নেতার সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
ভারতীয় স্পিকার সস্ত্রীক ঢাকায় এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/১৮০৩ঘ.
bdnews24