২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিফ্যান্ট রোডে দোকানে আগুন, ক্ষতি কোটি টাকারও বেশি

রাজধানীর এলিফ্যান্ট রোডে এরোপ্লেন মসজিদের উল্টো দিকে ২/বি ইয়াকুব সুপার মার্কেটের দোকানে শুক্রবার দুপুরে আগুন লাগে। এতে এক কোটি টাকারও বেশি মালামাল পুড়ে যায় বলে জানিয়েছে দমকল বাহিনী। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 08:26 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ২৪ডটকম)-- রাজধানীর এলিফ্যান্ট রোডে এরোপ্লেন মসজিদের উল্টো দিকে ২/বি ইয়াকুব সুপার মার্কেটের দোকানে শুক্রবার দুপুরে আগুন লাগে। এতে এক কোটি টাকারও বেশি মালামাল পুড়ে যায় বলে জানিয়েছে দমকল বাহিনী। এছাড়া দুই দমকলকর্মীসহ প্রায় ১২জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আগুনের ধোঁয়া দেখার পর উপরের তলার কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। দমকল বাহিনীর পরিচালক মেজর মোহাম্মদ শাহজালাল বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "ছয়তলা ভবনের নিচতলার কোনো একটি দোকান থেকে দুপুর বারোটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। " তিনি বলেন, "অতিরিক্ত ধোঁয়া দেখে ধারণা করা হচ্ছে কেমিক্যালের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিদ্যুৎ না থাকার কারণে জ্বালানো মোমবাতি থেকে আগুন লাগতে পারে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই বেলা আড়াইটার মধ্যে আমরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।" তবে আগুন পুরোপুরি আয়ত্বে আনা সম্ভব হয়েছে, এই ঘোষণার দুই ঘন্টা পর বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আবার মার্কেটের ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। গুটিয়ে নেওয়া পাইপ খুলে দমকল কর্মীরা আবারও হোসপাইপের মাধ্যমে পানি ছিটাতে শুরু করে। কিন্তু তারা আগুনের উৎস চিহ্নিত করতে পারছিলেন না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দমকল কর্মীদের ধারণা, যেসব দোকানের শাটার বন্ধ রয়েছে, তার ভেতরের মালামালে আবার আগুন লাগায় তা ছড়িয়ে পড়তে পারে। তারা দোকানগুলো খুলে আবার পানি ছিটাতে শুরু করেন। সন্ধার কিছু পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল বাহিনীর কন্ট্রোল রুমের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন, বিকাল তিনটা নাগাদ আগুন আয়ত্বে ও চারটা নাগাদ পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে পাঁচটার দিকে একটু ধোঁয়া দেখা গেলেও তা মারাত্মক আকার নেয়নি। ঢাকার সাতটি দমকল স্টেশনের ২১টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। দমকল বাহিনীর মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, রং-এর দোকানে মোমবাতির উপর স্পিরিট পরে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্তে মার্কেটের ৫৬টি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া পানিতেও ভিজে গেছে বহু মালামাল। এতে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ক্ষতির অংক আরো বাড়তে পারে । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, অগ্নিদগ্ধ ও ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত ১০জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিডিনিউজ২৪ডটকম /এসআইটি/এফএফ/জিএনএ/এইচএ/এসকে/টিআর/২১৪৯ঘ.