ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ী নিয়োগের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল সরকার প্রত্যাহার করে নিয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল শুনানির প্রথম দিনেই বুধবার তা প্রত্যাহার করে নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবারও এর ওপর শুনানি গ্রহণ করবে।
আপিল প্রত্যাহারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এই দশ বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। তাদেরকে আবারও নিয়োগ দেওয়ার হাইকোর্টের রায় সঠিক। তাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাদ পড়া দশ বিচারপতির পক্ষে ড. কামাল হোসেন শুনানিতে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কর্মরত বিচারপতিদের দায়ের করা আপিলে এই বিচারপতিদের আবার নিয়োগের হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করা হয়নি। কেবল তাদেরকে কর্মরত বিচারপতিদের ওপর জ্যেষ্ঠতা দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে। জ্যেষ্ঠতার বিষয়টি উভয়পক্ষের কৌসুলী মিলে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করা যায়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কর্মরত বিচারপতিদের দায়ের করা আপিলের ওপর শুনানিতে টি এইচ খান বলেন, এই আপিলে কেবল জ্যেষ্ঠতার বিষয়ই নয়, সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সুপারিশের বিধান সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয়েছে। তাই প্রধান বিচারপতির সুপারিশ থাকলেই নিয়োগ দেওয়ার প্রথা সংবিধানের বিধানের ওপর স্থান পেতে পারে না।
গত বছর ২৯ জুলাই আপিল বিভাগ বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার ও কর্মরত ১৯ বিচারপতির আবেদনের পরিপ্রেক্ষিতে দশ বিচারপতিকে নিয়োগের হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছিল।
এর আগে ১৭ জুলাই বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাদ পরা ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
হাইকোর্ট তার রায়ে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিমকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেয়।
পাশাপাশি এই ১০ বিচারপতিকে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তবে তাদের বাদ পড়ার পর থেকে হাইকোর্টের আদেশে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য করা হবে। রায়ে হাইকোর্ট এই ১০ বিচারপতিকে বাদ দেওয়াকে অবৈধ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১২১ঘ.
bdnews24