২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তমঞ্চে স্বাধীনতা বিরোধীদের অনুষ্ঠানের অনুমতি বাতিল দাবি

জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে স্বাধীনতা বিরোধীদের শহীদ মিনার মুক্তমঞ্চ এবং সাবাশ বাংলাদেশ চত্বরে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 07:17 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে স্বাধীনতা বিরোধীদের শহীদ মিনার মুক্তমঞ্চ এবং সাবাশ বাংলাদেশ চত্বরে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট । মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে আবুর কেন্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন 'বিকল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ'কে শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দেওয়ায় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলন করেন। তারা এই অনুমতি বাতিলেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক জোটের সভাপতি শাহিন রেজা। এ সময় সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েমসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নিয়ম অনুযায়ী ২১ ফেব্র"য়ারির আগে একমাস সময়ের মধ্যে শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠানের অনুমতির আবেদন করতে হয়। এর আগে করলে তা বৈধ হবে না। সে অনুযায়ী সাংস্কৃতিক জোট ২৪ জানুয়ারি আবেদন করে। কিন্তু বিকল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আবেদন জমা দেয় এক মাসের বেশি সময় আগে (৯ জানুয়ারি)। এটা অবৈধ বলে সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক জোট নেতারা দাবি করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২১ ফেব্র"য়ারির মতো একটি বিশেষ দিনে অনুষ্ঠান করতে মুক্তমঞ্চ স্বাধীনতা বিরোধী শক্তিকে দেওয়ার মাধ্যমে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ও প্রক্টর তাদের পক্ষপাতমূলক অবস্থান প্রকাশ করেছেন। তারা আরো অভিযোগ করেন, ২১ ফেব্র"য়ারির অনুষ্ঠানের জন্য ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠনকে দেওয়া হয়েছে বিকেল ৩টা থেকে সোয়া ৫টা পর্যন্ত সময়। আর সাংস্কৃতিক জোটকে দেওয়া হয় সন্ধ্যা পৌনে ৬টা থেকে পরবর্তী সময় পর্যন্ত। তবে তা কতক্ষণ উল্লেখ করা হয়নি। এভাবে সময় বন্টন করে জামায়াত-শিবির চক্রকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তারা। জোট নেতারা অনুষ্ঠানের স্থান বরাদ্দের ব্যাপারে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন, শহীদ মিনারের মঞ্চ ব্যবহারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটকে অগ্রাধিকার দেওয়া এবং দর্শনীর বিনিময়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তন বরাদ্দ দেওয়ার দাবি জানান। রাবি শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাসদ-ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক জোটের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে বিশ্ববিদ্যালয় টিএসসিসির পরিচালক অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ীই বিকল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংসদকে মুক্তমঞ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১০৭ঘ.