ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মামলায় আলামত ফেন্সিডিলের বোতল ধ্বংস না করে সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন ঢাকার একটি আদালতের এক পেশকার।
মহানগর হাকিম আব্দুর রহিমের আদালতের পেশকার জায়েদুল হাসান অপু মঙ্গলবার সকালে ফেন্সিডিল খেতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এ নিয়ে সেখানে হাস্যরস ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আদালতের নাজির গোলাম কিবরিয়া মজুমদার মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঢাকার মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারার বিভিন্ন মামলায় আলামত হিসেবে রাখা ফেন্সিডিল এবং অন্যান্য মাদক নষ্ট করার অভিযান চলে মঙ্গলবার। এসময় ওই পেশকার আদালতের একটি বাথরুমে গিয়ে গ্লাসে করে ফেন্সিডিল সেবন করতে থাকেন।
মহানগর হাকিম ইসমাইল হোসেন এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি মুখ্য মহানগর হাকিম আদালতের নতুন ভবনের চারতলার বাথরুমে গিয়ে পেশকার অপুকে ফেন্সিডিল সেবনের সময় হাতেনাতে ধরে ফেলেন।
গত বছরের জুলাই মাসে অপু আদালতে পেশকার হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/টিআর/এসকে/০০০০ঘ.
bdnews24