২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেশনিং ব্যবস্থা প্রয়োজন নির্দিষ্ট ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য

সারা দেশের জন্য রেশনিং ব্যবস্থা চালু না করে নির্দিষ্ট ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু করা প্রয়োজন এবং দক্ষতার সঙ্গে তা পরিচালনা করা দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সারা দেশের জন্য রেশনিং ব্যবস্থা চালু না করে নির্দিষ্ট ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু করা প্রয়োজন এবং দক্ষতার সঙ্গে তা পরিচালনা করা দরকার। সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং ব্রিটেন সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) আয়োজিত 'মার্কেট ভোলাটিলিটি, ভালনারেবিলিটি অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ' শীর্ষক সেমিনারের পর অর্থনীতিকরা সাংবাদিকদের একথা বলেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, "আমাদের দেশে চরম দরিদ্র লোকের সংখ্যা ২০ শতাংশ। ২০ টাকা কেজিতে চাল কেনার সামর্থ তাদের নেই। তাদের জন্য ভর্তুকি দিয়ে খাদ্য বিতরণ করতে পারি।" সারা দেশের তা করা সম্ভব নয় মত দিয়ে মাহবুব হোসেন বলেন, টার্গেট করতে হবে কাদের জন্য কোথায় এভাবে ভর্তুকি দেওয়া হবে। তা ভালোভাবে করা গেলে ভালো হবে। একই সঙ্গে অতীতের দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, রেশনিং পদ্ধতি দক্ষতার সঙ্গে পরিচালনা করা যাবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহবুব হোসেন বলেন, "রেশনিং ভালো পদ্ধতি। কিন্তু এটা যাদের জন্য করতে চাচ্ছি তাদের কতুটুকু কাজে লাগবে তা নির্ভর করবে প্রশাসনিক দক্ষতার ওপর। প্রশাসনিক দক্ষতা ছিল না বলেই আমরা তা বন্ধ করে দিয়েছিলাম।" চরম গরিব-লোকের বসবাস এমন শিল্প এলাকা, মঙ্গাপীড়িত এলাকা ও চর এলাকা চিহ্নিত করে রেশন পদ্ধতি চালু করা যেতে পারে বলে মত দেন তিনি। একইরকম মত দিয়ে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "সরকার যদি রেশনিং ব্যবস্থা আবার চালু করতে চায় তাহলে সব দিকে বিবেচনা করে করতে হবে। রেশনিং ব্যবস্থা ছাড়াও অনেক ব্যবস্থা আছে। ন্যায্য মূল্যের দোকান স্থাপন করা যেতে পারে।" বিকালে এক সংবাদ সম্মেলনে সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বলা খাদ্য নিরাপত্তা নিয়ে চলমান গবেষণা সম্পর্কে সেমিনারে আলোচনা হয়েছে। এতে ভারত, থাইল্যান্ডের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সেমিনারে খাদ্য নিরাপত্তা নিয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্রিস অস্টিন, ড. কাজী শাহাবুদ্দিন ও ড. উত্তম দেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২৩৩৯ঘ.