২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪০ রাষ্ট্রীয় কোম্পানির শেয়ার ছাড়া হবে: অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন আরও ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদে 'প্রশ্নোত্তর' পর্বে সোমবার চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামশুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন আরও ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদে 'প্রশ্নোত্তর' পর্বে সোমবার চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামশুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, "বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার ইতোমধ্যে ৫টি সরকারি মালিকানাধীন কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করেছে। আরও ৪০টির শেয়ার ছাড়ার বিষয়টি বিভিন্ন পর্যায়ে রয়েছে।" ইতোমধ্যে তেল কোম্পানি পদ্মা, মেঘনা এবং তিতাস গ্যাসসহ পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হয়েছে। অনলাইনে সিকিউরিটিজ লেনদেন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, বাজার ম্যানিপুলেশন সনাক্তকরণ, প্রতারণামূলক ভাবে দাম বাড়ানো-কমানো এবং পুঁজি বাজার সংক্রান্ত আইন লঙ্ঘন রোধে নজরদারির ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান আব্দুল মুহিত। আওয়ামী লীগ সাংসদ মোজাম্মেল হোসেনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "জোট সরকারের শেষ সময়ে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওমরাহ পালনের সময়ে ট্রাঙ্ক, স্যুটকেসে করে বিপুল পরিমাণ অর্থ ও দামী অলঙ্কার নেওয়ার তথাকথিত অভিযোগ তদন্ত করা যায় কি না সেটা ভেবে দেখা হবে।" দলটির আরেক সাংসদ মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতে করা মামলার নিষ্পত্তি হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে জব্দ করা টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। সাংসদ আ. ন. ম শামশুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৮ সালে দেশে ৮,৯৭৯ মিলিয়ন মার্কিন ডলার (৬১,৫৮৭ দশমিক ১৫ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। এরমধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি-আরব থেকে যা ছিল ২,৭৩৩ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। তার আরেক প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত জানান, চলতি বছরের ৫ ফেব্র"য়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৫,৬৭০ মিলিয়ন মার্কিন ডলারের সমান। সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "জাতীয় রাজস্ব বোর্ড আয়কর ফাঁকি তদন্তকালে ২৯৮ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন স্থগিত করে। এরমধ্যে ৩৯ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকির জন্য বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। এরমধ্যে ১৫টি মামলার রায় হয়েছে এবং ১২টি মামলার রায়ের সার্টিফাইড কপি জাতীয় রাজস্ব বোর্ড পেয়েছে। আটটি মামলায় ২১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ১২৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।" আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে (২০০৮-০৯) ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রণাধীন খাত সমূহের সাময়িক হিসাব অনুযায়ী মোট রাজস্ব আয় হয়েছে ২২,৩৮২ দশমিক ৪৮ কোটি টাকা। রাজশাহীর সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কৃষকদের বিরুদ্ধে দায়ের করা সার্টিফিকেট মামলা প্রত্যাহারের কোন সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/এসইউএম/এএল/এসকে/২২০৮ঘ.