২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাস্কফোর্সের প্রস্তাবে পাকিস্তানের স্বাগত, যুদ্ধাপরাধের বিচারে 'না'

সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে বাংলাদেশের প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্টের সফররত বিশেষ দূত মির্জা জিয়া ইস্পাহানি সোমবার তার দেশের এ মনোভাব জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে বাংলাদেশের প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্টের সফররত বিশেষ দূত মির্জা জিয়া ইস্পাহানি সোমবার তার দেশের এ মনোভাব জানান। সোমবার পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতে টাস্কফোর্স গঠনের প্রস্তাবের প্রশংসা করেন মির্জা ইস্পাহানি। বাংলাদেশে তিন দিনের সফরে এদিনই তিনি ঢাকায় পৌঁছান। তবে "ঠিক এখনই" যুদ্ধাপরাধীদের বিচার করার বিরোধিতা করেন পাক প্রেসিডেন্টের দূত। দক্ষিণ এশীয় আঞ্চলিক টাস্কফোর্স গঠন হলে ইসলামাবাদ তা সমর্থন করবে কি না এমন প্রশ্নের উত্তরে ইস্পাহানি সাংবাদিকদের বলেন, "এটি একটি নতুন ও ভালো ধারণা। আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ব্যাপারে আলোচনা করেছি।" বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ দূত ও পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এশীয় আঞ্চলিক টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা করেছেন।" তিনি বলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। তারা এই ধারণাটির প্রশংসা করেছে।" মির্জা ইস্পাহানি আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য দেশ দুইটির এগিয়ে আসা উচিত। যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তান সহযোগিতা করবে কি না- এই প্রশ্নের উত্তরে ইস্পাহনি বলেন, "আমি মনে করি এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। ঠিক এই মুহূর্তে আমাদের এ কাজে হাত দেওয়া উচিত হবে না।" তিনি বলেন, "বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য আরো অনেক বিষয় আমাদের রয়েছে।" যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে ইস্পাহানি না-সূচক মন্তব্য করেন। মঙ্গলবার বিশেষ দূত ইস্পাহানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন এবং তার নতুন সরকারের প্রতি পাকিস্তানী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শুভেচ্ছা জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২১০৮ঘ.