২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪টি অধ্যাদেশের পক্ষে বিশেষ কমিটির সুপারিশ

তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪টির পক্ষে মত দিয়েছে অধ্যাদেশ বাছাই সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি। বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী জানান, তারা ৫৪ টি অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪টির পক্ষে মত দিয়েছে অধ্যাদেশ বাছাই সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি। বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী জানান, তারা ৫৪ টি অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের দৈনন্দিন কাজ, নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড, কর ও জনস্বার্থ সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোই এর অন্তর্ভূক্ত। রহমত আলী বলেন, "যে অধ্যাদেশগুলো সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সেগুলোকে আইনে পরিণত করা হবে। যেগুলো সুপারিশ করা হয়নি কোনো মন্ত্রণালয় চাইলে সেগুলোকে তারা বিল আকারে সংসদে আনতে পারে।" আগামী মঙ্গলবার কমিটির এই সুপারিশ সংসদে উত্থাপন করা হবে বলে রহমত আলী জানান। আইন মন্ত্রী শফিক আহমেদ বৈঠক শেষে বলেন, "সাত দিনের মধ্যে এই ৫৪টি অধ্যাদেশ বিল আকারে প্রস্তুত করে সংসদে পেশ করা হবে।" রহমত আলীর সভাপতিত্বে বিশেষ কমিটির সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, আব্দুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই বৈঠক চলে। এই বৈঠকের আগে, জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সঙ্গে আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটির বৈঠক হয়। প্রায় পৌনে দু'ঘন্টা স্থায়ী এই বৈঠকে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, আজমালুল হোসেন কিউ সি প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে ড. এম জহির বলেন, "আমরা ৩১ টি অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছি। আমারা সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ এবং জনস্বার্থে এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার সুপারিশ করেছি। তবে, সংসদ সার্বভৌম। এ বিষয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে।" ড. এম জহির জানান, তারা বিশেষ কমিটিকে তিনটি তালিকা দিয়েছেন। একটি হলো যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, আরেকটি হলো, যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করার দরকার নেই এবং আরেকটি তালিকা হলো, যে সব অধ্যাদেশ সংসদে আলোচনার ভিত্তিতে আইনে পরিণত করা যেতে পারে। সংবিধানের ৫৮ (ঘ) ১ - এ বলা হয়েছে, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্বতীকালীন সরকার হিসাবে ইহার দায়িত্ব পালন করবেন এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিগণের সাহায্য ও সহায়তায় উক্তরূপ সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবেন ; এবং এইরূপে কার্যাবলী সম্পাদনের প্রয়োজন ব্যতীত কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করিবেন না।" ৫৮ (ঘ)২ - এ বলা হয়েছে, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সংসদ-সদস্যগণের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেরূপ সাহায্য ও সহায়তার প্রয়োজন হইবে, নির্বাচন কমিশনকে সেইরূপ সকল সাহায্য ও সহায়তা প্রদান করিবেন।" এর আগে, গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনেই বিশেষ কমিটির সঙ্গে আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে ১২২ টি অধ্যাদেশের মধ্যে ৪৪ টিকে আইনে পরিণত করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, এই সংখ্যা কমতে পারে বলেও আইনজীবীরা মতামত ব্যক্ত করেছিলেন। সে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, "বিশেষ পর্যালোচনা কমিটির মতামতের ভিত্তিতে আমরা শর্ট লিস্ট করেছি। অধ্যাদেশগুলোর মধ্যে ৪৪ টিকে বিল আকারে প্রস্তুত করার কথা বলা হয়েছে। কোন অধ্যাদেশগুলোকে নেওয়া হয়েছে তার ভিত্তি হলো সংবিধানের ৫৮ এর 'ঘ' অনুচ্ছেদ।" ড. এম জহির বলেছিলেন, "আমরা প্রথমত ৪৫ টি অধ্যাদেশ পাশের কথা বলেছিলাম। কিন্তু, এখন আমরা এগুলোর ব্যাপারে আরো কঠোর দৃষ্টি দিচ্ছি। ওনারা (তত্ত্বাবধায়ক সরকার) কিছু কাজ করেছেন। সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী কর নির্ধারণ করবে সংসদ। কিন্তু, বিগত সরকার কর নির্ধারণ করেছিলো। সে কর আদায় করেছে। সে কর-তো আর ফিরিয়ে নেওয়া যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/এসকে/২২৩৭ঘ.