ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনের কয়েকজন জেলা কমান্ডার।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী সংসদের কমিটি নির্বাচনের দাবি জানান এ কমান্ডাররা। ৬৪ জেলার জেলা কমান্ডাররা এ ব্যাপারে একমত বলে তারা দাবি করেন।
দুর্নীতি ও বিগত জোট সরকারকে প্রতিষ্ঠানটি 'দখলে' সহযোগিতা করার পাল্টাপাল্টি অভিযোগ এনে গত ১০ ফেব্র"য়ারি মুখোমুখি অবস্থান নেন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ ও মহাসচিব মো. সালাউদ্দীন সমর্থিত দুই দল মুক্তিযোদ্ধা।
ময়মনসিংহ জেলা কমান্ডের সভাপতি আব্দুর রব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন । এসময় ঢাকা মহানগর ইউনিটের ফকির শেখ সিরাজউদ্দিন আহম্মেদ, খুলনা মহানগরী ইউনিট কমান্ডের অধ্যাপক আলমগীর কবির, নেত্রকোনা জেলা কমান্ডের মোঃ নুরুল আমিন, টাঙ্গাইল জেলা কমান্ডের কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, গোপালগঞ্জ জেলা কমান্ডের বদরুদ্দোজা বদর, মাগুরা জেলা কমান্ডের খান আলী রেজা, ফরিদপুর জেলা কমান্ডের আবুল ফয়েজ প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আহাদ চৌধুরীর বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগকে 'ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত' উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে নানারকম ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবেই মুক্তিযোদ্ধা সংসদকে নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা পরিস্কার যে, বিএনপি-জামায়াত জোটই এ ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে।"
একইসাথে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বিলম্বিত করাও 'এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য' বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৪৪ঘ.
bdnews24