ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার উত্তরায় এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "হত্যকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাকে যেমন আমার কাজের জন্যে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হয়, তেমনি এ ঘটনায় দায়িত্বশীলদেরও জবাব দিতে হবে।"
এদিকে আতিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান পরিচালনার জন্য ছয়টি টিম কাজ শুরু করেছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ছিনতাইয়ের পাশাপাশি কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্র"তা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।"
"কয়েকদিন আগে মগবাজারে পুলিশের রিকুইজিশন করা মাইক্রোবাস ছিনতাই ঘটনার সঙ্গে এ ঘটনার কোন সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে", বলেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর শনিবার ভোরে রমনা থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার সহ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ছিনতাই ঘটনাকে প্রাধান্য দিয়ে তারা মামলার তদন্ত করলেও অন্যান্য বিষয় বিবেচনায় রাখা হয়েছে। সম্ভাব্য অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের ৬টি টিম মাঠে কাজ করছে।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজার রেলগেটে সন্ত্রাসীরা গুলি করে আতিকুল ইসলামের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শনিবার এনটিভি ভবনের সামনে জানাজা শেষে গ্রামের বাড়ি বগুড়ায় তার লাশ দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২২৩০ঘ.
bdnews24