ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার সুষ্ঠু ভাবে করতে পারলে সুশাসন প্রতিষ্ঠায় একটি বড় ধাপ উতরানো যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত 'জনগণের প্রত্যাশা : যুদ্ধাপরাধের বিচার ও আইনের শাসন' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
'যুদ্ধাপরাধের বিচার করতেই হবে' মত দিয়ে এইচ টি ইমাম বলেন, "যুদ্ধাপরাধের বিচারটি সুষ্ঠু ভাবে সমাধান করতে পারলে সুশাসন প্রতিষ্ঠায় বড় ধাপ উতরানো যাবে।"
তিনি বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অতীতের অপরাধগুলোর সুবিচার করতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য প্রশাসন ঢেলে সাজানো দরকার।"
"রাষ্ট্রযন্ত্র যদি ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে যায় তাহলে কোন কিছুর সমাধান হবে না। আর এসব কিছুর বিরুদ্ধেই এবার জনগণ রুখে দাঁড়িয়েছে; যুদ্ধাপরাধীদের বিচার করলে অন্যান্য হত্যাকাণ্ডগুলোর বিচারও অনেক সহজ হবে", বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
যুদ্ধাপরাধীদের বিচারে সংসদে গৃহীত প্রস্তাব সম্পর্কে এইচ টি ইমাম বলেন, "আমাদের সুযোগ এসেছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে।"
আইনজীবী ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করার জন্য আইনগত ও সাংবিধানিক দিকগুলো নির্ধারণ করার জন্য দ্রুত হাত দিতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অভিজ্ঞ কমিটি, তদন্ত টিম ও আইনজীবী টিম গঠন করতে হবে।"
যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমকে মুক্তিযুদ্ধের মতো এগিয়ে নিতে হবে দাবি করে তিনি বলেন, "যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি তা জয় করতে না পারলে উল্টোফল হবে। ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এর আগেই ট্রাইব্যুনাল গঠনসহ নীতিনির্ধারণ ও কৌশল নির্ধারণের কাজ এগিয়ে নিতে হবে।"
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী দ্রুত বিশেষ টাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানিয়ে বলেন, "একদিকে যুদ্ধপরাধীরা ক্ষমা চাওয়ার উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে রিট করারও প্রস্তুতি নিচ্ছে। এতে সময়ক্ষেপণ হতে পারে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।"
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সচিব মাহেআলম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আবীর আহাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/এএল/জিএনএ/১৮৫৫ ঘ.
bdnews24