২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে শেখ সেলিমের গৃহপরিচারিকার মৃত্যু

আওয়ামী লীগ সাংসদ শেখ সেলিমের বাসার গৃহপরিচারিকা শনিবার দুপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাংসদ শেখ সেলিমের বাসার গৃহপরিচারিকা শনিবার দুপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গৃহপরিচারিকা আসমা (১৭) বেলা ১২টার দিকে বনানীর ২/এ সড়কের ৯ নম্বরে শেখ সেলিমের বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ওই সময় শেখ সেলিম বাসার নিচ তলায় নির্বাচনী এলাকা থেকে আসা সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার পর ছাদে গিয়ে কাপড় ধোয়ার নমুনা পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, "সাংসদ শেখ সেলিমের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে জানা গেছে- ছাদ থেকে পড়ে যাওয়ার আগে আসমা কাপড় ধুতে সেখানে গিয়েছিল।" "তবে ছাদের রেলিং বেশ উঁচু; সেখান থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই", বলেন তিনি। পুলিশ বলছে, আসমা আত্মহত্যা করে থাকতেও পারে। তবে তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। এদিকে, ঘটনার পর ওই গৃহপরিচারিকার স্বজনরা ঘটনাস্থলে এলেও তারা পুলিশের কাছে অভিযোগ করেনি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৬২৫ ঘ.