২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তের শুরুতে বইমেলায় অন্যরকম দিন

এমনিতেই ছুটির দিন। তার ওপর বসন্ত উৎসব। এই দুইয়ে মিলে শুক্রবারের বই মেলায় ছিল অন্য রকম এক উৎসবের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এমনিতেই ছুটির দিন। তার ওপর বসন্ত উৎসব। এই দুইয়ে মিলে শুক্রবারের বই মেলায় ছিল অন্য রকম এক উৎসবের আমেজ। বেলা ১১টা থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেন মেলায়। বিকেলের দিকে ভিড় রীতিমতো উপচে পড়ে। প্রতিটি স্টলের সামনে এবং মেলার ভেতর রাস্তাগুলোতে ছিল বসন্তের রঙিন পোশাক পরা মানুষে মানুষে ঠাসাঠাসি অবস্থা। এই ভিড় সামাল দিয়ে মেলায় চলাচল করতে গিয়ে অস্বস্তিতেও পড়েন অনেকে। প্রচণ্ড ভিড়ের চাপে পড়ে রোখসানা ইসলাম নামের একজন বলেই ফেললেন, "শুক্রবার আর বই মেলায় আসবো না।" বই বিক্রিতেও প্রচণ্ড ভিড়ের নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে বলে জানালেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্টল ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এত ভিড় ও ঠেলাঠেলির কারণে মানুষ স্টলে দাঁড়িয়ে ভালভাবে বই পর্যন্ত দেখতে পারছে না। কিনবে আর কি। অথচ আজ ভাল বেচাকেনা হবে বলে আশা করেছিলাম। কিন্তু বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়নি।" কিন্তু অন্যান্য শুক্রবারের তুলনায় এদিন বই বিক্রি বেশিই হয়েছে বলে জানান আহমদ পাবলিশিং হাউজের স্টল ইনচার্জ আহসান উল্লাহ। বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগ জানায়, শুক্রবার মেলায় ১৫৯টি নতুন বই এসেছে। এর মধ্যে রয়েছে রূপ প্রকাশনের অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর সুস্থ থাকুন-২ (স্বাস্থ্য), ইত্যাদি গ্রন্থ প্রকাশনের সৈয়দ শামসুল হকের ধ্বংসস্তুপে কবি ও নগর (কবিতা), পাঠসূত্রের মোস্তফা মামুনের লন্ডনের টিকেট (কিশোর গোয়েন্দা) এবং দেবব্রত মুখোপাধ্যায়ের দি হরিপদ টিম (কিশোর অ্যাডভেঞ্চার), গ্লোব লাইব্রেরির আনু মাহমুদের আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ মাইকেল মধুসূদন (সাহিত্য), রোদেলার আবদেল মাননান সম্পাদিত অখণ্ড লালন সঙ্গীত (সংকলন) এবং একই লেখকের লালন দর্শন (গবেষণা), প্রগতি পাবলিশার্সের সৈয়দ মো. শাহেদের মিকি মশাইর মহাকাশ অভিযান (শিশুতোষ), দি ইউনিভার্সেল একাডেমির আব্দুল্লাহ আল মামুনের গণিত কোষ। নারী নির্যাতন প্রতিরোধ এবং বসন্ত উৎসব উপলক্ষে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মেলায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন। এদিন মেলায় 'একুশে বইমেলা ডটকম' নামের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন লেখক মো. জাফর ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/টিআর/২২২১ঘ.