২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নানা চাপে পুলিশ সংস্কার অধ্যাদেশ ২০০৮ বাস্তবায়ন হয়নি'

নানামুখী চাপের কারণে সাবেক তত্ত্বাবধায়ক সরকার 'পুলিশ সংস্কার অধ্যাদেশ, ২০০৮' বাস্তবায়ন করতে পারেনি। এ মন্তব্য করে বর্তমান সরকার তা করবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক আইজিপি ও উপদেষ্টা এ এস এম শাহজাহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদ তালাত ঢাকা, ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানামুখী চাপের কারণে সাবেক তত্ত্বাবধায়ক সরকার 'পুলিশ সংস্কার অধ্যাদেশ, ২০০৮' বাস্তবায়ন করতে পারেনি। এ মন্তব্য করে বর্তমান সরকার তা করবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক আইজিপি ও উপদেষ্টা এ এস এম শাহজাহান। ড. ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় 'পুলিশ সংস্কার অধ্যাদেশ, ২০০৮' প্রণয়ন করা হয়। এ এস এম শাহজাহান ছিলেন অধ্যাদেশ প্রণেতা কমিটির প্রধান। পুলিশ বাহিনীতে সংস্কারের জন্য তিনি একটি সুপারিশমালা তৈরি করেন। সেই সুপারিশমালা মন্ত্রণালয়ে আটকে আছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানামুখী চাপের কারণে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি অধ্যাদেশটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।" বর্তমান সরকার তা বাস্তবায়ন করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আশা করছি পারবে। বিষয়টি তো সদিচ্ছার।" বর্তমানে এস এম শাহজাহান জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)-এ সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই থেকে পুলিশ সংস্কার প্রকল্পের (পিআরপি) দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এটি পাঁচবছর ধরে চলবে। দ্বিতীয় পর্যায়ে কয়েকটি বিষয়ের ওপর প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কমিউনিকেশন এনগেজমেন্ট, ইনভেস্টিগেশন অপারেশন অ্যান্ড প্রসিকিউশন, উইমেন পুলিশিং এবং উইমেন ইন পুলিশিং, ওভারসাইট অ্যান্ড একাউন্টিবিলিটি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড পলিসি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রয়েছে। সাবেক এ পুলিশ কর্মকর্তা বলেন, এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। মডেল থানা প্রবর্তন, পুলিশ প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সেগুলো আরো ভালোভাবে করা যাবে। এ এস এম শাহজাহান এই প্রকল্পেরও একজন পরামর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এসকে/২১১৮ঘ.