ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, দেশে সন্ত্রাস দমনের নামে আঞ্চলিক টাস্কফোর্স গঠন করা হলে তা হবে 'খাল কেটে কুমির আনার' মতো ঘটনা।
মহানগর জামায়াতের এক সম্মেলনে শুক্রবার তিনি এ কথা বলেন।
নিজামী বলেন, ''দেশে সন্ত্রাস দমনে আমাদের পুলিশ, বিডিআর, র্যাব ও সেনাবাহিনীই যথেষ্ট। সন্ত্রাস দমনের নামে বাইরের সৈন্য আনা হলে তা হবে খাল কেটে কুমির আনার মতোই একটি ঘটনা।''
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে ট্রানজিট, আঞ্চলিক টাস্কফোর্স ও টিফার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ''সরকারের এধরনের উদ্যোগ এটাই প্রমাণ করে যে দেশবিরোধী চুক্তি করার জন্যই ষড়যন্ত্র করে তাদের মতায় আনা হয়েছে।''
প্রধান অতিথির বক্তব্যে নিজামী ২৯ ডিসেম্বরের নির্বাচনে 'অনেক কিছু' হয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, ''গণতন্ত্রের স্বার্থে আমরা বর্তমান সরকারকে স্বাগত জানিয়েছি। কিন্তু সরকার গঠনের পরপরই তারা দেশবিরোধী চুক্তি করার জন্য অস্থির হয়ে পড়েছে।''
তিনি এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
'প্রকৃত গণতন্ত্র' প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন নিজামী ।
রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমীর মকবুল হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, মহানগর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, মহানগর কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, ডা. রিদওয়ান উল্লাহ শাহেদী ও আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এইচএ/১৮৫৪ঘ.
bdnews24