ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈশ্বরদীর রূপপুরে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে। বিদ্যুৎ উৎপাদনও সম্ভব হবে এই সময়ের মধ্যে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি তথসেঙ্কো বৃহস্পতিবার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত কোন মন্তব্য না করলেও প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসনে রাশিয়া একটি পরমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। এটি তারা স্থাপন করতে চায় ঈশ্বরদীর রূপপুরে।
তিনি জানান, আগামী মাসেই একটি রুশ বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে। তারা রূপপুর পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তাবনা চূড়ান্ত করবেন। এরপরই আলোচনা করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হবে। প্রকল্পটি স্থাপন করা হবে বাংলাদেশ ও রাশিয়ার যৌথ উদ্যোগে।
রুশ রাষ্ট্রদূতের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি গ্রহণ করা হলে আগামী পাঁচ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমানবিক চুল্লী স্থাপন সম্পন্ন হবে। সেই সঙ্গে সম্ভব হবে বিদ্যুৎ উৎপাদনও।
রাষ্ট্রদূতের প্রস্তাবটি বাংলাদেশ সরকার বিবেচনা করবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম/এমকে/
bdnews24