২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক খননে পুরাতন রাস্তার সন্ধান লাভ

বাগেরহাট শহরের অদূরে ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে হযরত খান জাহানের (র.) বসতবাড়ি এলাকায় প্রত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের অদূরে ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে হযরত খান জাহানের (র.) বসতবাড়ি এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকালে কয়েকশ বছরের পুরাতন রাস্তার সন্ধান পাওয়া গেছে। খননকালে সমতলের প্রায় তিন ফুট নিচে গত সোমবার পূর্ব-পশ্চিম বিস্তৃত এই রাস্তার সন্ধান পাওয়া যায়। ওইদিনই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে আবার নতুন করে খনন কাজ শুরু করে। এর আগে ২০০০-২০০১ সালে প্রথম খনন কাজ হয়েছিল। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর কমপ্লেক্সের তত্বাবধায়ক লাভলী ইয়াসমিনের নেতৃত্বে নয় সদস্যের একটি দল এই খনন কাজ চালাচ্ছে। কাজের সমন্বয় করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক শিহাব উদ্দিন মো. আকবর। লাভলী ইয়াসমিন এই বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খননকালে সমতলের প্রায় তিন ফুট নিচে গত সোমবার তারা পূর্ব-পশ্চিম লম্বা এই রাস্তাটির সন্ধান পান। পোড়া মাটির পাতলা ইটের এ রাস্তাটি হযরত খান জাহানের সময়ের বলে জানান তিনি। ১৪৫৯ খৃষ্টাব্দের দিকে হযরত খান জাহান (র.) এখানে আসেন বলে জানা যায়। তিনি বলেন, "পূর্ব-পশ্চিমে বিস্তৃত রাস্তাটি চার দশমিক এক মিটার বা প্রায় চৌদ্দ ফুট প্রশস্ত। ধারণা করা হচ্ছে রাস্তাটি খান জাহানের বসতবাড়ি থেকে পশ্চিমে ষাটগম্বুজ মসজিদ পর্যন্ত চলে গেছে।" লাভলী ইয়াসমিন আরও জানান, এখান থেকে তারা চকচকে প্রলেপযুক্ত মৃৎপাত্রের ভাঙা অংশ (পার্সেলাইন) এবং চিনা মাটির পাত্রের টুকরোসহ বিভিন্ন মৃৎ সামগ্রীর অংশ বিশেষ উদ্ধার করছেন। সুন্দরঘোনা গ্রামে হযরত খান জাহানের (র.) বসতবাড়ি এলাকার প্রায় নয় একর জমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে ২০০০-২০০১ অর্থ বছরে খনন কাজ শুরু করে। তখন কয়েকদিন চলার পর আর কাজ হয়নি। সাত বছর পর এবার এ কাজের জন্য দুই লাখ টাকা সরকারি বরাদ্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৮ ঘ.