ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- "আমি ওকে কোলে-পিঠে করে মানুষ করেছি। আমি চিনি, ও-ই আমার ভাই," ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পচে বিকৃত হয়ে যাওয়া লাশের ভিড়ে নিজের ভাইকে খুঁজে পেয়ে ডুকরে কেঁদে উঠলেন মেজর ইদ্রিসের বোন।
তার বুকফাটা কান্না এমনিতেই বিষন্ন মর্গ এলাকায় উপস্থিত লোকজনকে আরো বেদনাবিধুর করে তোলে। লাশের তীব্র গন্ধের কথাও কিছুক্ষণের জন্য ভুলে যান তারা।
মর্গে রাখা মরদেহগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পচন ধরেছে বেশিরভাগ লাশেই। পরিবর্তন হয়েছে আকৃতিতে। এর মধ্যেই আত্মীয়-স্বজন খুঁজে ফিরছেন তাদের প্রিয়জনকে।
কেউ কেউ লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আবার কেউ কেউ না পেয়ে লাশের জন্য দাবি জানাচ্ছেন উপস্থিত কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে।
শুক্র ও শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মোট ৩২ সেনা কর্মকর্তার মরদেহ পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জনের পরিচয় মিলেছে।
নিখোঁজ কর্মকর্তাদের স্বজনরাও ভিড় করছেন মর্গে।
তবে মরদেহগুলোয় পচন ধরে আকৃতিতে পরিবর্তন হওয়ায় তাদের সহজে চিনতে পারছিলেন না স্বজনরা। তাই পরিবারের সদস্যদের দেখা যায় লাশগুলো চেনার জন্য আপ্রাণ চেষ্টা করতে।
কর্মস্থল পার্বত্য চট্টগ্রামের পানছড়ি থেকে বিডিআর-এর দরবারে যোগ দিতে এসেছিলেন মেজর মো. ইদ্রিস ইকবাল। আড়াই বছরের শিশুসন্তানকে বাসায় রেখে ইদ্রিসের অন্তঃসত্ত্বা স্ত্রী ডা. তাসলিমা ও বড়বোন নাসরিন সুলতানা এসেছেন তার লাশ খুঁজতে।
সকাল থেকেই বিভিন্নভাবে ঘুরে ফিরে একটি লাশ দেখছিলেন ডা. তাসলিমা। এক পর্যায়ে কেঁদে উঠলেন হু হু করে। বললেন, এটিই তার স্বামীর লাশ।
তিনি বললেন, "ওর ডান ভুরুর ওপর আর কপালের বাম পাশে কাটা দাগ ছিল। কিন্তু সেগুলো দেখে নিশ্চিত হওয়ার উপায় ছিল না। চিপের সাদা চুলগুলো দেখে আমি তাকে চিনতে পেরেছি। এছাড়া জুতা-মোজা খুলতে গেলে মোজার সঙ্গে পায়ের চামড়া উঠে আসে। আমি নিজ হাতে চামড়া-নখ যথাস্থানে লাগিয়ে দেখেছি এটিই আমার 'হাজব্যান্ড'র লাশ। হাতের নখ দেখেও আমি নিশ্চিত হয়েছি।"
মেজর ইদ্রিসের হাত দু'টো বাঁধা ছিল বলে জানান তাসলিমা।
পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে, কখনো বা চিৎকার করে কাঁদছিলেন মেজর ইদ্রিসের বড়বোন নাসরিন সুলতানা। বিলাপ করতে করতে তিনি বলতে থাকেন, "ও ছিল বিস্ফোরক বিশেষজ্ঞ। কতো বিস্ফোরক নিয়ে ও কাজ করেছে। তখন কিছু হয়নি। অথচ এই রাজধানীতে এসে ওকে মরতে হলো।"
মেজর এইচ এস শাহনেওয়াজের স্বজনরাও তার মরদেহ খুঁজে পেয়েছেন। তারা তাকে চিনেছেন দাঁত ও একটি অপারেশনের চিহ্ন দেখে।
এভাবেই সকলে লাশগুলো খুুুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন চিহ্ন দেখে চেনার চেষ্টা করছিলেন।
সস্ত্রীক নিহত বিডিআর এর মহাপরিচালক শাকিল আহমেদের মা সৈয়দা মনিফা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন পুত্র আর পুত্রবধূর লাশের দাবি নিয়ে।
সাংবাদিকদের তিনি বলেন, "আমার আর চাওয়ার কিছু নাই বাবা, আমি কি চাইতাম। আমি শুধু তারার (তাদের) দেহগুলান ফিরায়া চাইছিলাম। হ্যারা ফিরায়া দিছে। আমি কারও কাছে বিচার চাই না। কার কাছে বিচার চামু বাবা?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এসকে/১৯৪৯ ঘ.
bdnews24