ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাওরান বাজার এলাকায় সোমবার রাতে এসকে কুদ্দুস (৪৮) নামে এক হোটেল ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
কুদ্দুস কাওরান বাজার ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে কাওরান বাজার কাঁচামাল আড়তের কাছ থেকে তিনি কুদ্দুসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, "কুদ্দুস রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। প্রথমে মনে হয়েছিল কোনো সড়ক দুর্ঘটনা। কিন্তু তার কানে ফুটো ছিল যাকে চিকিৎসকরা গুলির ক্ষতচিহ্ন বলে ধারণা করছেন।"
লাশের ময়নাতদন্ত ছাড়া কুদ্দুসের মৃত্যু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান।
এদিকে, স্থানীয় কয়েকজন পুলিশকে জানান, একটি কালো রঙের গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
মৃতের পকেটে সাড়ে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। স্ত্রী লাভলি বেগম এবং চাচী শামসুন্নাহার আজিজ হাসপাতালে তার লাশ সনাক্ত করেন।
কুদ্দুস পশ্চিম আগারগাঁওয়ে (উত্তর শ্যামলী) থাকতেন। তিনি মাগুরার প্রয়াত ইসমাইল শেখের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এইচএ/এসকে/০১১৫ঘ.
bdnews24