নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঘী পূর্ণিমা তিথিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে মঙ্গলব্রত উপলক্ষে শীতলক্ষা নদীতে এক হাজার একটি মঙ্গল প্রদীপ জ্বালানো হয়।
বন্দর উপজেলার মীরকুণ্ডি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম।
সকাল সাড়ে ৮টায় আশ্রম প্রাঙ্গণে মঙ্গলব্রত পূজা ও স্বস্তিবাচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ভাগবত পাঠ, চণ্ডীপূজা, চণ্ডীপাঠ, শিবপূজা, বিষ্ণুপূজা, গঙ্গা পূজা, হোমযজ্ঞ, ধর্মীয় আলোচনা, প্রদীপ প্রজ্বলন ও প্রসাদ বিতরণ।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে মহামঙ্গলব্রত মহোৎসব ও মঙ্গল প্রদীপ ভাসানো অনুষ্ঠান এবারই প্রথম উদযাপিত হল।"
মঙ্গলব্রতের বিধান অনুযায়ী এতে অংশগ্রহণকারী ভক্তরা আগের দিন উপবাস পালন করেন। ফুল, ফল, বিল্বপত্র, র্দূবা ও তুলসী সহযোগে পরদিন (পূজার দিন) পূজায় অংশ নেন।
পুরোহিত রবীন্দ্র নারায়ণ চক্রবর্তীর নেতৃত্বে ১১ জন পুরোহিত পূজার কাজ সম্পন্ন করেন।
সন্ধ্যার পরে শত শত ভক্ত মাঘী পূর্ণিমার রাতে নদীতে মঙ্গল প্রদীপ ভাসালে এক নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়।
আলোচনা সভায় স্থানীয় সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি রুমন রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সত্যেন ভক্ত, জেলা শাখা সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, তারাপদ আচার্য্য, শংকর সাহা, নিরঞ্জন চন্দ্র সাহা, বাসুদেব চক্রবর্তী, দিলীপ সাহা, সমীর কর, রণজিত পাল, অজিত সাহা, কার্তিক দাস, জীবন চন্দ্র সাহা, হারাধন চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৫৩ঘ.
bdnews24