গাজীপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সোমবার দুপুরে আওয়ামী লীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এ সময় দু'পক্ষ পরস্পরের প্রতি গুলিবর্ষণও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে।
এলাকাবসীর বরাত দিয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, টঙ্গী মিলগেট এলাকার কাছে যমুনা অ্যাপারেলস নামের তৈরি পোশাক কারখানা থেকে সোমবার বেলা ১২টার দিকে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একদল সমর্থক ঝুট বের করলে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ ক্যাডাররা বাধা দেয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, "এতে দু'পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলে। এ সময় দু'পক্ষ দুই রাউন্ড গুলিও করে। দুপুর ১টার দিকে তিনটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
এঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০২৯ঘ.
bdnews24