২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র-পরিবহন শ্রমিক সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে সোমবার দুপুরে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

সিলেট, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে সোমবার দুপুরে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ১০/১২টি যানবাহন ভাঙচুর করলে পরিবহন শ্রমিকরা বাস টার্মিনাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পরিবহন মালিকদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টায় যানবাহন চলাচল আবার শুরু হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয় ছাত্রকে আটক করেছে। এরা হলেন- মেহেদী হাসান, জহুর আলী, মেহেদী মাসুম, লিটন-উজ-জামান, আরিফুর রহমান, নাসির হোসেন, লিটন, ফখরুল ও সজীব সরকার। এদের মধ্যে মেহেদী হাসান, জহুর আলী, মেহেদী মাসুম, লিটন-উজ-জামান, আরিফুর রহমান ও নাসির হোসেনকে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নয় জনের নাম উল্লেখসহ চারশ' জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে। ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক কোরবান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩১ জানুয়ারি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের ফল প্রকাশিত হয়। পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবার ওই বিষয়ে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে সোমবার বেলা পৌনে ২টায় ক্যাম্পাস থেকে মিছিল বের করে। উপ-পরিদর্শক জানান, ছাত্ররা হুমায়ূন রশীদ স্কয়ারে সড়ক অবরোধ ও ভাঙচুর করলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দু'পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে সহকারী পুলিশ কমিশনার হাসান আহমদ ও একজন কনস্টেবল সামান্য আহত হন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছে, পরিবহন শ্রমিকরা ৭/৮ জন শিক্ষার্থীকে বাস টার্মিনালের অভ্যন্তরে আটকে রেখে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.