খুলনা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর খালিশপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সোমবারও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে রোববার ক্যম্পাসে ভাঙচুরের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ।
রেফার্ড পরীক্ষার পদ্ধতি বাতিলের দাবিতে রোববার সকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ, ভাঙচুর এবং সড়ক অবরোধ করে। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। এ ঘটনায় ছাত্র হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র পাল জানান, সকাল ১০টার দিকে এক থেকে দেড়শ' ছাত্র জড়ো হয়ে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অধ্যক্ষ বলেন, রোববার বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের ৩৯টি কক্ষের জানালা, দরজা, কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এছাড়া লোহার গেট ও ২৫টি ফুলের টব ভাংচুর করে তারা। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খালিশপুর জোন) মো. রবিউল ইসলাম জানান, দুইজন পুলিশ আহত হওয়া এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় এখনও কোন মামলা হয়নি। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর মামলা করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24